৬ সেপ্টেম্বর ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট-তামাবিল সড়কে ট্রাক চাপায় এক মহিলা নিহত হয়েছেন। নিহত রহিমা বিবি (৫৫) গুচ্ছগ্রামের মৃত রউফ মিয়ার মেয়ে। দুর্ঘটনার পর স্থানীয় জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, জাফলংগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী রহিমা বিবিকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ গিয়ে তাদেরকে শান্ত করে রাস্তা থেকে সরিয়ে দেয়।
জৈন্তাপুর থানার ওসি মো. মহসিন আলী জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। স্থানীয় লোকজন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।