৮ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিন সারাদেশে তুমুল বৃষ্টি হয়েছে। ভরা বর্ষা মৌসুমেও এত বৃষ্টির দেখা মেলে নি। তবে শনিবার থেকে সারাদেশে বৃষ্টির প্রবণতা কমলেও কমে নি সিলেটে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ।
রোববার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এদিকে, আগামী দুই দিনের পূর্বাভাসেও দেশের বেশকিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের অনেক অঞ্চলই ছিল বৃষ্টিহীন। ঢাকায়ও কোনো বৃষ্টি হয়নি। এসময়ে সবচেয়ে বেশি ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে।
এএস // আতারা