২৯ মে ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়ে গাড়িতে জাতীয় পতাকা পেলেন রাজশাহীর সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও খুলনা সিটি করপোরেশনের (খুসিক) মেয়র তালুকদার আবদুল খালেক। তবে সমপর্যায়ের হলেও সিলেট সিটি করপোরেশন (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে এ মর্যাদা প্রদান করা হয় নি। এতে করে শুধু আরিফকে নয় বরং সিলেটবাসীকে বঞ্চিত করা হয়েছে বলে মনে করছেন সিলেটবাসী।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক আদেশে রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও খুসিক মেয়র তালুকদার আবদুল খালেককে প্রতিমন্ত্রীর মর্যাদা প্রদান করা হয়। একই আদেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামকে মন্ত্রীর মর্যাদা দেয়া হয়।
মন্ত্রীর মর্যাদা পাওয়া ডিএনসিসি মেয়র আতিকুল, রাসিক মেয়র লিটন ও খুসিক মেয়র খালেক তিন জনই আওয়ামী লীগের নেতা। তারা তিনজনই সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে সিসিক মেয়র আরিফুল হোক চৌধুরী বিএনপি নেতা। তিনি বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জয় লাভ করেন।
এর আগে ২০০১ থেকে ২০১৩ পর্যন্ত টানা দুই মেয়াদে সিলেট সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। মেয়র থাকাকালে প্রতিমন্ত্রীর মর্যাদা পেতেন তিনি। সেসময় তাঁর গাড়িতে জাতীয় পতাকাও শোভা পেত। তবে ২০১৩ সালে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর আর প্রতিমন্ত্রীর মর্যাদা পান নি তিনি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য না করে বলেন, এটা সরকারের সিদ্ধান্ত। তারা যা ভালো মনে করেছেন সেটাই করেছেন। এতে আমার কিছুই বলার নেই।