২২ মে ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ৫২টি পণ্য বাজার থেকে অপসারণের লক্ষ্যে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ সিলেট বিভাগীয় কার্যালয়। নগরী ও নগরীর বাহিরে এ অভিযান চলাকালে বিভিন্ন অভিযোগে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার এই পৃথক অভিযান পরিচালনা করা হয়।
সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নগরীর সোবহানীঘাট এলাকার হাতেমতায়ী শপকে হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ৫২ পণ্যের একটি প্রাণ হলুদ (২০০ গ্রাম) ও বিদেশি চিপস আমদানিকারকের নাম এবং মূল্য লেখা না থাকায় ৬ হাজার টাকা, বন্দরবাজার এলাকার মনির এন্ড সন্সকে নিষিদ্ধ ৫২ পণ্যের মধ্যে মোল্লা সল্ট (ইউনিট-২) ও এসিআই লবন রাখায় এবং কসমেটিক্স পণ্যে আমদানিকারকের নাম ও মূল্য ইত্যাদি না থাকায় ১০ হাজার টাকা জরিমানা ও ১৫ কেজি লবন ধ্বংস, সাদিক ডিপার্টমেন্টাল স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ৩ হাজার টাকা, কালিঘাট বাজারে মেয়াদ উত্তীর্ণ তেল ও গুড়ের মোড়কে মেয়াদ নাথাকায় মা স্টোরকে ৩ হাজার টাকা, সেলিম এন্ড ব্রাদার্সকে ৩ হাজার টাকা এবং মেসার্স বিনিদ কুকার চন্দ্রকে মেয়াদ উত্তীর্ণ লবন ও ডালডা রাখা এবং নিষিদ্ধ ৫২ পণ্যের ১টি নিষিতা সুজি রাখার দায়ে ৫০ হাজার টাকাসহ মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ৬০০ কেজি মেয়াদ উত্তীর্ণ লবন ও ২০ কেজি নিশিতা সুজি ধ্বংস করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) মোহাম্মদ ফয়েজ উল্যাহ এবং সার্বিক নির্দেশনা দেন ভোক্তা উপ-পরিচালক মো. ফখরুল ইসলাম। সহযোগিতায় ছিল ৭ এপিবিএন, সিলেট।
অভিযানে উপস্থিত ছিলেন ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের পরিদর্শক (নিরস্ত্র) কাজী মাহফুজ হাসান চৌধুরী, এসআই শরিফুল ইসলাম ও বিনিদ কুমার চন্দ্র।
এদিকে, হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধকৃত ৫২ পণ্য বাজার থেকে অপসারণ নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে গোলাপগঞ্জের চৌমুহনী বাজারে তদারকি অভিযান পরিচালিত হয়।
এ সময় ব্যবসায়ীবৃন্দ জানান সংশ্লিষ্ট কোম্পানী ইতোমধ্যে নিষিদ্ধ পণ্য অপসারণ করেছে। তারা বিষয়টি জানেন ও এ বিষয়ে সচেতন আছেন। তদারকিকালে বেশ কিছু মনোহারী দোকান পরিদর্শন করা হয় কিন্তু নিষিদ্ধ ৫২ পণ্য পাওয়া যায়নি। এ সময় পোড়া তেল ব্যবহার ও খাবার ঢেকে না রাখার অপরাধে মিতা রেস্টুরেন্টকে ৮ হাজার ও মেয়াদমূল্যহীন পণ্য রাখার অপরাধে বিমল স্টেরকে ৩ হাজারসহ মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন গোলাপগঞ্জ থানা পুলিশ ও ক্যাব, সিলেট। জনস্বার্থে এ তদারকি অভিযান অব্যাহত থাকবে।