৭ মে ২০১৯
উপজেলা প্রতিনিধি

কানাইঘাট : কানাইঘাটে সুরমা ও লোভা নদীর পানি বাড়ছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় ভাঙ্গন অব্যাহত রয়েছে। এসব ভাঙ্গনের ফলে নদীর তীরবর্তী কয়েকটি গ্রাম হুমকির মুখে রয়েছে।
এছাড়া উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির লোভা নদীর মরাআমরির মুখ নামক স্থানে ডাইকে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এসব কারণে নদীর পানি বাড়ছে সেই সাথে উপজেলায় আতঙ্কও বাড়ছে।
উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির দক্ষিণ লক্ষীপ্রসাদ, উত্তর লক্ষীপ্রসাদ, কুওরঘড়ি গ্রাম, সদর ইউপির গৌরীপুর এবং পৌরসভার ডালাইচর, গৌরীপুর, নয়ামাটি, বিষ্ণুপুর, কান্দেবপুর গ্রামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে রয়েছে। কারণ প্রতিনিয়ত এলাকার শিক্ষার্থীরা ডাইক দিয়ে স্কুল-কলেজে যাতায়াত করছে।
জানা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লোভা ও সুরমা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের মরা আমরির মুখ নামক স্থানে সুরমা ডাইকে বিশাল আকারে ফাটল দিলে এলাকার লোকজনদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। যে কোন সময় সুরমা ও লোভা নদী ডাইকের ভাঙ্গনকৃত স্থান দিয়ে নদীর পানি লোকালয়ে প্রবেশ করতে পারে। এতে এলাকার ঘর-বাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বলেন, সিলেট পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক সরেজমিনে পরিদর্শন করেছেন। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।