২৮ এপ্রিল ২০১৯
উপজেলা প্রতিনিধি

গোলাপগঞ্জ : গোলাপগঞ্জের ফাজিলপুরে পানিতে ডুবে আব্দুল্লাহ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আব্দুল্লাহ পূর্ব ফাজিলপুর গ্রামের প্রবাসী তাজিম উদ্দিনের একমাত্র ছেলে।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের পূর্ব ফাজিলপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে আব্দুল্লাহ তাদের ঘরের পাশে থাকা একটি পুকুরে খেলতে গিয়ে পড়ে যায়। এ সময় বাড়ির লোকজন তাকে ঘরে না দেখে অনেক খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে এই পুকুরে আব্দুল্লাহকে ভেসে উঠতে দেখা যায়। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। একমাত্র ছেলেকে হারিয়ে নিহত শিশুর মা রিমা বেগম (২৬) বারবার মূর্ছা যাচ্ছেন।
নিহত শিশুর চাচাতো ভাই মাজেদ আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার পিতা বিদেশ থেকে আসার পর তার জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।