২৭ এপ্রিল ২০১৯
ডেস্ক রিপোর্ট

সিলেট : টানা তাপদাহের সিলেট নগরীতে স্বস্তির বৃষ্টি হয়েছে। সকাল থেকে মেঘলা আবহাওয়া থাকার পর বেলা ১২টার দিকে প্রশান্তির এই বৃষ্টি নামে।
শনিবার প্রায় ১ ঘণ্টার মাঝারি ধরনের এ বর্ষণে প্রাণ ফিরে পায় রুক্ষতায় ভরা সবুজ প্রকৃতি। বৈশাখের প্রখরতায় তৃষ্ণার্ত হয়ে ওঠা পশু-পাখিরা বৈশাখী ধারায় যেন হাঁফ ছেড়ে বাঁচে।
তবে এই বৃষ্টি আশীর্বাদ হয়ে নেমে আসলেও বর্ষণের প্রভাবে নগরের কয়েকটি জায়গায় সামান্য জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে বিভিন্ন রাস্তায় কিছুটা পানি জমলেও মানুষের মনে প্রশান্তি আসায় সাময়িক জলাবদ্ধতার ভোগান্তি গায়ে মাখছে না কেউই।
এদিকে মাসের শেষ দিকে মাঝামাঝি সময়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। এ ছাড়া, দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২-৩ দিন মাঝারি/তীব্র বজ্রঝড় (কালবৈশাখী) ও দেশের অন্যত্র ৩-৪ দিন হালকা/মাঝারি/বজ্রঝড় (কালবৈশাখী) হতে পারে। মে মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ১-২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।