১ ডিসেম্বর ২০২২
মৌলভীবাজার প্রতিনিধি : প্রযুক্তির ব্যবহারে আমন চাষের পর এখন ফসল ঘরে তুলতে ব্যস্ত মৌলভীবাজারের চাষিরা। যন্ত্র দিয়ে ধান কাটায় কমেছে শ্রমিক নির্ভরতা। প্রতি বছর ধান কাটার মৌসুমে শ্রমিক সংকটে পড়েন কৃষক। সে পরিস্থিতি বদলে গেছে যন্ত্রের ব্যবহারে। বেশিরভাগ জমিতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে চারা রোপন এবং কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা হচ্ছে। এর সুফল পাচ্ছে কৃষক।
কৃষিবিভাগ বলছে, যন্ত্রের ব্যবহারে কমেছে উৎপাদন খরচ। লাভবান হচ্ছে কৃষকরা। অনুকুল পরিবেশ ও পোকা মাকড়ের আক্রমণ কম থাকায় এ মৌসুমে ফলনও হয়েছে বেশ। আর কৃষি যান্ত্রিকীকরণের ফলে অনাবাদি জমিতে বেড়েছে চাষাবাদ।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা, এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। এজন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষিকে যান্ত্রিকীকরণে ভর্তুকি ও প্রণোদনা দিচ্ছে সরকার।
উল্লেখ্য, এ বছর মৌলভীবাজারে আমন আবাদ হয়েছে এক লাখ এক হাজার ছয়শ হেক্টর জমিতে। উৎপাদন তিন লাখ মেট্রিক টনের উপরে হবে বলে আশা কৃষি বিভাগের।