২৭ এপ্রিল ২০১৯
উপজেলা প্রতিনিধি

গোয়াইনঘাট : পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে নিখোঁজ কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কলেজ শিক্ষার্থী সিলেট এমসি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাদিকুর রহমান ধলা মিয়ার ছেলে আকিকুর রহমান অনিক (২০)। অনিক তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে সিলেটের আম্বরখানা এলাকায় বসবাস করতো।
শনিবার সকাল ১১টায় জাফলং পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে স্থানীয় ডুবুরীরা তার লাশ উদ্ধার করে।
নিহত শিক্ষার্থীর বন্ধু ও পুলিশ সূত্রে জানা যায়, অনিক ও তার ৮ জন বন্ধু মিলে গতকাল শুক্রবার দুপুরে সিলেট থেকে জাফলংয়ে বেড়াতে আসে। একপর্যায়ে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় পিয়াইন নদীতে গোসল করতে নামলে সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। এরপর একদিন পর আজ সকালে তার লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় জানান, নিখোঁজ শিক্ষার্থীর লাশ আজ সকালে উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তের চেষ্টা হচ্ছে।