২০ এপ্রিল ২০১৯
জেলা প্রতিনিধি

হবিগঞ্জ : হবিগঞ্জে পুরাতন খোয়াই ও সুতাং নদীকে দখল মুক্ত এবং দূষণ থেকে রক্ষার দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। নদী দুটি রক্ষায় কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ করেছেন আন্দোলনরতরা।
সর্বশেষ শুক্রবার দুপুরে জেলা শহরের সাইফুর রহমান টাউন হল সড়কে ‘গ্রীণ ভয়েস’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এবং খোয়াই রিভার ওয়াটার কিপারসহ নানা সামাজিক সংগঠনের ব্যানারে আন্দোলন করলেও নিরব ভূমিকায় কর্তৃপক্ষ। সকল শ্রেণি-পেশার মানুষের স্বার্থে নদী দু’টি রক্ষা’র ব্যাপারে কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ করেন মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা।
বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাপা হবিগঞ্জ সহ সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, তাহমিনা বেগম গিনি, বাপার সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।
মানববন্ধনে সঞ্চালনা করেন হবিগঞ্জ শাখা গ্রীণ ভয়েস এর সমন্বয়কারী মো. আমিনুল ইসলাম।
বাপা’র জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, সরকার সারাদেশে নদী রক্ষায় আন্তরিক। তার প্রতিফলন খোয়াই নদীর পাড়ে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। কিন্তু পুরাতন খোয়াই নদীর অধিকাংশ অংশ দখল হয়ে আছে। হবিগঞ্জ শহরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে এই অংশে দ্রুত উচ্ছেদ অভিযান চালানো প্রয়োজন। এছাড়াও সুতাং নদী কল কারখানার বর্জ্যে দূষিত হয়ে চরম আকার ধারণ করেছে। এলাকার চাষাবাদ ক্ষতিগ্রস্থ, নদী মাছশূণ্য হয়ে পড়েছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে বারবার অবহিত করার পর সুতাং নদীতে কল কারখানার দূষণরোধে কোন ধরণের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।
এ সময় আরো বক্তব্য রাখেন শেখ সুলতান মো. কাউছার, মহিবুর রহমান রুবেল, সুলতান মাহমুদ ফরহাদ, মো. আশরাফুল ইসলাম, মো. তানিম চৌধুরী, শাহ রাসেল, মো. শরিফ উদ্দিন প্রমুখ।