১০ এপ্রিল ২০১৯


সকলকে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই : মোকাব্বির

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি

ওসমানীনগর : সিলেট-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, আমি সকলকে নিয়ে ওসমানীনগর-বিশ্বনাথের উন্নয়ন করতে চাই। কোন তদবীর বা টাকার বিনিময়ে কাজ করা হবে না। কেউ আমার নাম নিয়ে টাকা দাবী করলে আমাকে জানাবেন। আমি সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে উন্নয়ন বন্টন করবো। কাউকে বিশেষ দৃষ্টিতে দেখবো না। আমি সকলের ভোটে নির্বাচিত হয়েছি। আমার আর কোন চাওয়া পাওয়া নেই। এখন আপনাদের পাশে থেকে উন্নয়ন করতে চাই।

বুধবার ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোকাব্বির খান এসব কথা বলেন।

তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, প্রবাসী ছালিক মিয়া, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা আবদাল মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল, আব্দুল মান্নান, ফারুক জাহাঙ্গীর, আখতারুজ্জামান, শায়েস্তা মিয়া, আব্দুল জহুর শুকুর মেম্বার, আব্দুর রউফ মেম্বার, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর উপজেলা আনজুমনে আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভী প্রমূখ।

এমপি মোকাব্বির খান শপথ নেয়ার পর এটাই তার প্রথম সভা। অনুষ্ঠান শেষে মোকাব্বির খান তার গ্রামের বাড়ি চান্দাইর পাড়ায় বাবার কবর জিয়ারত করতে যান।

শেয়ার করুন