২ এপ্রিল ২০১৯


সুলতান মনসুরের পথে মোকাব্বির খান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : সুলতান মনসুরের পর এবার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে নির্বাচিত গণফোরাম নেতা মোকাব্বির খান। তিনি একাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হন। গণফোরামের ২৬ বছরের ইতিহাসে দলীয় প্রতীক নিয়ে নির্বাচিত একমাত্র সংসদ সদস্য তিনি।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনে তার দপ্তরে তা মোকাব্বির খানকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব জাফর আহমেদ খান।

সংসদ সচিবালয় জানিয়েছে, একাদশ সংসদ নির্বাচনে জয়ী ৩০০ প্রার্থীর মধ্যে মোকাব্বিরকে নিয়ে মোট ২৯৪ জন এ পর্যন্ত শপথ নিয়েছেন। বিএনপি থেকে নির্বাচিত ছয়জনই এখন শুধু বাকি।

গত ৩০ ডিসেম্বর ওই নির্বাচনে অংশ নিয়ে মাত্র ছয়টি আসনে জয় পায় বিএনপি। আর গণফোরামের দুটি মিলিয়ে ঐক্যফ্রন্ট পায় মোট আটটি আসন।

নির্বাচনে ‘ভোট ডাকাতির’ অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি তোলে তারা। নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবে না বলেও ঘোষণা দেওয়া হয় বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে।

কিন্তু ধানের শীষ প্রতীকে ভোট করে জয়ী হওয়া গণফোরামের সুলতান মনসুর গত ৭ মার্চ শপথ নিয়ে এরইমধ্যে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। ওই সময় মোকাব্বিরও শপথ নেবেন বলে জানানো হলেও শেষ পর্যন্ত তিনি পিছু হটেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন পেয়েছিলেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। প্রতীক বরাদ্দের দিন তাকে সমর্থন জানিয়ে যুক্তরাজ্য চলে যান গণফোরামের উদীয়মান সূর্য নিয়ে ভোটে দাঁড়ানো মোকাব্বির।

নির্বাচনের সপ্তাহ খানেক আগে লুনার প্রার্থিতা বাতিল করা হলে ঐক্যফ্রন্ট মোকাব্বিরকে সমর্থন দেয়। ইলিয়াছ আলীর পরিবারের সদস্যরাও মোকাব্বিরের পক্ষে প্রচারে অংশ নেন।

শেয়ার করুন