১ এপ্রিল ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : নগরীর মদন মোহন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. সাইফুর রহমান (২৯) হত্যাকান্ডের সাথে জড়িত দুই জনকে আটক করেছ পুলিশ। আটককৃতরা হলেন- ছাতক উপজেলার আলমপুর গ্রামের মোজাম্মিল হোসেন (২৪) এবং নগরীর শাহপরান এলাকার খিদিরপুর গ্রামের শফিকুর রহমানের মেয়ে নিশাত তাসনীম (২০)। তারা দুজনেই পুলিশের কাছে হত্যাকান্ডে নিজেরা জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকারোক্তি প্রদান করেছেন।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, নিহত সাইফুর রহমান সিলেট নগরীর শাহপরান এলাকার খিদিরপুর গ্রামের শফিকুর রহমানের বাসায় লজিং থাকতেন। প্রেম সংক্রান্ত জেরে আটককৃত নিশাত তাসনীম ও মোজাম্মিল হোসেন সাইফুরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে দাবী করছে পরিবার। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে যার নং-০১ (০১/০৪/২০১৯)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, সাইফুর হত্যার রহস্য উদঘাটন হয়েছে। আটককৃত দুইজন প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করেছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের জবানবন্দি গ্রহণ শেষে হত্যাকান্ডের প্রকৃত রহস্য জানানো হবে।