৪ এপ্রিল ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : নগরীর হুমায়ুন রশিদ চত্বরে রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে। সেখানে রাস্তার প্রায় মধ্যখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে কাজ। ফলে, দুর্ঘটনার আশংকা বাড়ছে। এছাড়া, প্রশস্ত রাস্তায় গড়ে উঠছে অবৈধ সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড।
এলাকবাসী জানান, নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন চত্বর মোড়ে কদমতলীগামী উত্তরমুখী রাস্তার প্রশস্তকরণ কাজ চলছে। রাস্তার পশ্চিম পাশে ৩ টি খুঁটি ও পূর্ব পাশে ১টি খুঁটি যথাস্থানেই রয়েছে। ফুটপাত থেকে খুঁটিগুলোর দূরত্ব ১৫/১৬ ফুট ভেতরে রাস্তার প্রায় মধ্যখানে। কাজ অনেকটা শেষের পথে, এখনো খুঁটিগুলো স্থানান্তর বা অপসারণ করা হচ্ছে না।
কদমতলী এলাকার বাসিন্দা শামীম আহমদ জানান, রাস্তা প্রশস্তকরণ কাজ চলছে, তবে এর সাথে দ্রুত বিদ্যুতের খুঁটিগুলো অপসারণ করা দরকার। না হয়, দুর্ঘটনার আশংকার সাথে সাথে রাস্তা দখলেরও ঝুঁকি রয়েছে। এরইমধ্যে প্রশস্ত রাস্তায় সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডসহ দোকানপাট বসতে শুরু করেছে। স্থানীয় একজন বাসিন্দার দাবি সিটি কর্পোরেশন ও বিদ্যুৎ বিভাগের এই সমন্বয়হীনতার সুযোগ নিচ্ছে একটি চক্র। দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট ডিভিশন ৩ এর নির্বাহী প্রকৌশলী এ এম হেলাল উদ্দিন জানান, সিটি কর্পোরেশন যখন সহযোগিতা চায়, তখন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাদের সহযোগিতা করা হয়। নগরীর ভেতরে খুঁটিগুলো অপসরাণ বা স্থানান্তরের দায়িত্ব সিটি কর্পোরেশনের। ফলে, সিটি কর্পোরেশন যখন সহযোগিতা চাইবে বিদ্যুৎ বিভাগ তা করতে প্রস্তুত রয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নূর আজিজুর রহমান জানান, বিদ্যুৎ বিভাগের সাথে তারা নিয়মিত যোগাযোগ করে চলছেন। উন্নয়ন কাজ শেষ হওয়ার আগেই খুঁটিগুলো অপসারণ করা হবে। হুমায়ুন চত্বরের কদমতলী সড়কের ঐ খুঁটিগুলি কাজ শেষ হওয়ার আগেই অপসারিত হবে।