২৭ ডিসেম্বর ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বাসের চালক-হেলপার কর্তৃক ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন এক কলেজছাত্রী। শনিবার রাতে দিরাই উপজেলার সুজানগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে (সিলেট জ-১১০৭২৩) দিরাই আসছিলেন ওই কলেজছাত্রী। দিরাই পৌরসভার সুজানগর এলাকায় আসার পর তিনি ছাড়া বাকি যাত্রীরা নেমে যান। কোনো যাত্রী না থাকায় বাসের ড্রাইভার ও হেলপার মিলে তাকে উত্ত্যক্ত করার এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যান ওই শিক্ষার্থী।
এদিকে, গ্রামবাসী আহত অবস্থায় দিরাই হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।