১৫ মার্চ ২০১৯
উপজেলা প্রতিনিধি

ওসমানীনগর : ওসমানীনগরে মোস্তাফিজুর রহমান(১৫) নামের এক কিশোর তার বন্ধুদের হাতেই নির্মম ভাবে খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত মোস্তাফিজ উপজেলার নিজ মান্দারুকা গ্রামের আব্দুল মছব্বিরের ছেলে।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার উমরপুর ইউপির মান্দারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে মোস্তাফিজুরের মুখ থেতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহতরে এক বন্ধুকে পুলিশ আটক করেছে, তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি।
ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে মোস্তাফিজকে তার কয়েকজন বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর রাতে সে আর বাড়ি ফিরেনি। ধারণা করা হচ্ছে তার বন্ধুরাই তাকে ইট অথবা ভারি কোনো জিনিস দিয়ে মুখ থেতলিয়ে হত্যা করে বাড়ির পাশ্ববর্তী মান্দারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফেলে যায়।
তিনি জানান, শুক্রবার সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। এ ঘটনায় নিহত মোস্তাফিজের এক বন্ধুকে আটক করা হয়েছে।