৭ মার্চ ২০১৯
ডেস্ক রিপোর্ট

সিলেট : দল ও জাতীয় ঐক্যফ্র্রন্টের সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর জাতির সঙ্গে প্রতারণা করেছেন বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রাজনীতিতে অঙ্গীকার ভঙ্গকারী, ছলনাময়ীরা গণশত্রুতে পরিণত হবে। সুলতান মনসুর জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তার দল গণফোরাম ও জোটের সিদ্ধান্ত অমান্য করে শপথ নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তিনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন। গণফোরাম তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
সুলতান মনসুরের শপথের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার (সুলতান মনসুর) দল তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেবে।
সুলতান মোহাম্মদ মনসুরকে ধানের শীষ প্রতীক দেয়া ভুল হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আমার কোন মন্তব্য নেই।
সংবাদ সম্মেলনে দলের ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, শাহিদা রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মৌলভীবাজার-২ আসনে এই সংসদ সদস্য বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদ ভবনে শপথ নেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। শপথ শেষে তার জন্য চা নাস্তার আয়োজন করে সংসদ সচিবালয়।
প্রসঙ্গ, গত ৩০ ডিসেম্বর বহুল আলোচিত ও কাঙ্খিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ৩০০ আসনের মধ্যে ২৯২ আসনে জয় পায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। বিপরীতে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট জয় পায় মাত্র ৮টি আসনে।
ব্যাপক অনিয়ম-কারচুপিসহ সাজানোর নির্বাচনের অভিযোগ এনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। তখন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত ৮ জনই শপথ নেবেন না বলে জানানো হয় জোট থেকে। কিন্তু হঠাৎ করে সুর বদলে ফেলেন গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মো. মোকাব্বির খান। তাঁরা শপথ নেয়ার ঘোষণা দেন। তবে ঐক্যফ্রন্টের চাপে আপতত শপথ নেননি মো. মোকাব্বির খান।