২৩ ফেব্রুয়ারি ২০১৯

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে সাবুল নমঃ (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাবুল উপজেলার ফাদলিপুর (সাকরপুর) গ্রামের পাখি নমঃ এর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
শনিবার সকালে উপজেলার আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট বাঘেরসড়ক রাস্তার কোটাপাড়া নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে একই গ্রামের নূর উদ্দিন নামের এক ব্যক্তি সাবুলকে একাধিকবার ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর থেকে সাবুল আর বাড়িতে ফিরে আসেনি।
ভোরে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ শেষে ফেরার পথে সাবুলের লাশ দেখতে পেয়ে সাথে সাথে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিল জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে। খুব শিগগির দোষীদের খোঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।