১৯ আগস্ট ২০১৭
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগ ও তালামীযের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাতের খবর পাওয়া যায়নি।
শনিবার ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগ ও আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া নামক ইসলামী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
উভয় সংগঠনের উত্তেজিত কর্মীরা সাঠিসোটা নিয়ে একে অন্যকে ধাওয়া করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে। কলেজ ক্যাম্পাসে উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কলেজ ক্যাম্পাসে উত্তেজনার কারণে কলেজের নিরীহ ছাত্রছাত্রীরা পুলিশি প্রহরায় ক্যাম্পাস ত্যাগ করে।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা আঞ্জুমানে তালামীয়ে ইসলামীয়ার সভাপতি আব্দুল মালেক মানিক বলেন, তালামীয হলো অরাজনৈতিক একটা সংগঠন। আমরা কারো সাথে সংঘর্ষে জড়াতে চাইনা। আমাদের কর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি জুবের আহমদ সনি বলেন,বিগত দিনের কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে আজ তালামীযের নেতাকর্মীরা আমাদের ছেলেদের গালিগালজ ও ইট পাটকেল নিক্ষেপ করেছে। কলেজ ক্যাম্পাসে সিনিয়র কোন নেতাকর্মী না থাকায় তালামীযের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের গালিগালাজ করে ও ইট পাটকেল নিক্ষেপ করে।
(আজকের সিলেট/১৯ আগষ্ট/ডি/এমকে/ঘ.)