১৮ ফেব্রুয়ারি ২০১৯


ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, সাংবাদিকদের উপর হামলা

শেয়ার করুন

অতিথি প্রতিবেদক : ঐতিহ্যবাহী এমসি কলেজে মোহনা বসন্ত উৎসব স্থলে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলে দায়িত্বরত তিন সাংবাদিকের উপরও হামলা চালিয়েছে ছাত্রলীগের কর্মীরা।

সোমবার দুপুর ১২টার দিকে এসঘের্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে মোহনা সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে শুরু হয় বসন্ত উৎসব। এর পর দুপুরের দিকে অনুষ্ঠানস্থলে বসা নিয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ বাঁধে। এসময় ঘটনাস্থলে দায়িত্বপালনরত সাংবাদিকদের উপর হামলা চালায় ছাত্রলীগ। ছাত্রলীগের হামলার শিকার সাংবাদিকরা হলেন- দৈনিক সমকালের আলোকচিত্রী ইউসুফ আলী, দৈনিক ভোরের কাগজের আলোকচিত্রী অসমিত অভি, দৈনিক শুভ প্রতিদিনের আলোকচিত্রী মিঠু দাস জয় ও সিলটিভি ডটকমের ক্যামেরাপার্সন কাউসার আহমদ।

দৈনিক ভোরের কাগজের আলোকচিত্রী অসমিত অভি বলেন, এমসি কলেজে মোহনা বসন্ত উৎসব স্থলে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। পরে দৈনিক শুভ প্রতিদিনের ফটো সাংবাদিক মিঠু দাস জয় এগিয়ে গিয়ে তাদের সংঘর্ষের ছবি তুলতে গেলে তার ওপর চড়াও হয় কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা। পরে অন্যান্য সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের উপরও হামলা করে ছাত্রলীগ কর্মীরা।

দৈনিক সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী বলেন, ছাত্রলীগ কর্মীরা উপস্থিত সাংবাদিকদের উপর হামলা করেছে। হামলার সময় আমার হাতে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু সকলের উপস্থিতে পরে তা আর ছিনিয়ে নেয়া সম্ভব হয়নি।

শাহপরান (র:) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন