১৬ ফেব্রুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার বিকেল ৪টার দিকে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দক্ষিণ সুরমার সিলাম মোহাম্মদপুর গ্রামের মৃত লিয়াকত হোসেনের মেয়ে আয়শা সিদ্দিকা চাঁদনী (১৮), একই গ্রামের সৈয়দ মুজম্মিল আলীর মেয়ে লিয়া বেগম (১৭) ও জুবের হোসেনের স্ত্রী সৈয়দ তাসলিম আক্তার (১৮)। লিয়া বেগম দক্ষিণ সুরমা সরকারি কলেজ ও আয়শা সিদ্দিকা নূরজাহান মেমোরিয়াল কলেজের ছাত্রী।
পুলিশ জানায়, সিলেট- ঢাকা মহাসড়কের বদিকোনা মার্কাজ এলাকার সামনে দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় অটোরিক্সার তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন বলেন, ‘বিকেলে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে সিএনজি অটোরিকশার তিনজন মারা গেছেন। দু’জন আহত হয়েছেন। এই ঘটনায় বাস চালক মো. আজির হোসেনকে (২৩) গ্রেফতার করা হয়েছে। আজির সিলেটের বিশ্বনাথের বাসিন্দা।’