২৬ ডিসেম্বর ২০২৩
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় প্রতিপক্ষের হামলায় রাসেল মিয়া নামে ইউপি সদস্যসহ অন্তত ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্য আহতরা হলেন- রাসেল মিয়ার ভাই মিজানুর রহমান, রতন মিয়া, দ্বীন ইসলাম, লিটন মিয়া, শহিদুল ইসলামের ছেলে সুলেমান মিয়া, লোকমান মিয়া ও আলী উসমানের ছেলে কবির মিয়া।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শান্তিপুর গ্রামে স্থানীয় ইউপি সদস্য ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার এ ঘটনা ঘটে।
আহতদের দুপুর ১টার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে দুপুর আড়াইটার দিকে মিজানুর রহমান, রতন মিয়া, সুলেমান ও লিটন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, স্থানীয় মসজিদের ঘাটে ট্রলার ভিড়ানোকে কেন্দ্র করে জয়শ্রী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল মিয়া ও প্রতিবেশী নজরুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হলেও নজরুলের লোকজনের মধ্যে ক্ষোভ থেকে যায়। ক্ষোভের জেরে মঙ্গলবার সকালে রাসেল মিয়া ও তার পরিবারের সদস্যদের উপর হামলা করা হয়।
ধর্মপাশা থানার ওসি মো. শামুছুদ্দোহা বলেন, এ ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।