৬ ফেব্রুয়ারি ২০১৯

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মদ্যপ এক চা শ্রমিকের লাঠির আঘাতে সুধীর হাজরা (৫৫) নামের আরেক চা শ্রমিকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত সুধীর চা বাগানের মৃত সরজু হাজরার ছেলে।
মঙ্গলবার রাতে ভাড়াউড়া চা বাগানে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে মদপান করে চা শ্রমিক সন্জু গড় সুধীরের সাথে বাকবিতন্ডায় জড়ান। কথাকাটাকাটির এক পর্যায়ে সন্জু সুধীরকে লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে আহত অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে চাইলে স্থানীয় শ্রমিকরা লাশ দিতে চায়নি। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়।
শ্রীমঙ্গল থানার এএসআই জিতেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চা শ্রমিকরা প্রথমে মৃতদেহটি ময়নাতদন্তেতর জন্য পুলিশের কাছে হস্তান্তর করতে চায়নি। পরে বিচারিক কাজের জন্য লাশ ময়না তদন্ত হওয়া দরকার বলে তাদের বুঝিয়ে লাশ মর্গে প্রেরণ করা হয়। হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত চা শ্রমিক সন্জু গড় ঘটনার পর পালিয়েছেন।