১৮ আগস্ট ২০১৭


গোয়াইনঘাটে কমছে বন্যার পানি

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে গেল কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বন্যায় বিপর্যস্ত ছিল জনজীবন। তলিয়ে গেছে কৃষকের প্রায় পাঁচ হাজার হেক্টর ফসলী জমি ও বীজ তলা। বৃহস্পতিবার সকাল থেকে কমতে শুরু করেছে নিম্মাঞ্চলের বন্যার পানি। ফলে গোয়াইনঘাটের বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। উপজেলা প্রশাসনও বন্যা দূর্গত এলাকায় নিয়মিত তদারকি করছে।

উপজেলা প্রশাসনের তথ্য মতে, সম্প্রতি বন্যায় এই উপজেলার ৯টি ইউনিয়নে সহস্রাধিক ঘর বাড়ি ও বিশ হাজার পরিবারের প্রায় লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থ এসব লোকজনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম দফায় ১৮ মে. টন জি.আর চাউল ত্রাণ সহায়তার জন্য বরাদ্ধ দেওয়া হয়েছে। যা ইতিমধ্যে বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।

দ্বিতীয় দফায় আরও সাড়ে ১৩ মে. টন চাউল বরাদ্ধ দেওয়া হয়েছে। যা শিঘ্রই বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে বিতরণ করা হবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে। উপজেলা পিআইও অফিস সূত্রে জানা যায় বন্যায় ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের জন্য ইতিমধ্যে সরকার সাড়ে ৪ হাজার ভিজিএফ কার্ড বরাদ্ধ দিয়েছে। যা ক্ষতিগ্রস্থদের তালিকা অনুযায়ী দুয়েক দিনের মধেই বিতরণ করা হবে।

এদিকে বন্যার পানি কমে যাওয়ার সাথে সাথে ভেসে উঠছে রাস্তাঘাটের ক্ষয় ক্ষতির চিহ্ন। বন্যার তোড়ে রাস্তাঘাট ভেঙ্গে উপজেলার অনেক গুরুত্বপূর্ণ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যা দ্রুত মেরামত না করলে যানবাহন ও জন চলাচলে বিঘ্ন সৃষ্টি হবে বলে স্থানীয়রা জানান।

উপজেলা নির্বাহী কর্মকতা বিশ্বজিত কুমার পাল বলেন, গোয়াইনঘাটের বন্যা কবলিত কয়েকটি এলাকা আমি পরিদর্শন করেছি। পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে। বন্যার ক্ষয় ক্ষতি নিরুপন করে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ১৮ মে. টন জি.আর চাউল বিতরণ করা হয়েছে। এবং আরো সাড়ে ১৩ মে. টন বিতরণ করা হবে বলে তিনি জানান।

 

(আজকের সিলেট/১৮ আগষ্ট/এসটি/ঘ.)

শেয়ার করুন