৩০ জানুয়ারি ২০১৯

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : দিরাই উপজেলার ভরাম হাওরের ঝুঁকিপূর্ণ তুফানখালীর বাঁধ বালিমাটি দিয়ে ভরাট করছে প্রকল্প বাস্তবায়ন কমিটি। নদীর পানি বৃদ্ধি পেলেই এ মাটির বাঁধ পানিরচাপ সামাল দিতে পারবেনা বলে উদ্বেগ প্রকাশ করছে এলাকাবাসী।
সরজমিন বাঁধ এলাকা পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ড উপজেলা কমিটির সভাপতি শরীফুল ইসলাম বাঁধে বালিমাটি দেখে ক্ষুব্ধ হন। তাৎক্ষণিকভাবে ১নং প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মবির মিয়া ও ২নং প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আবুল বায়েছকে বাঁধ থেকে বালিমাটি সরিয়ে ফেলার নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন পাউবোর শাখা কর্মকর্তা রিপন আলী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, আমি পরিদর্শনে গিয়ে বাঁধের উপরে বালিমাটি ফেলা হচ্ছে দেখি। প্রকল্প কমিটির সভাপতিকে তাৎক্ষণিকভাবে নির্দেশ দিয়েছি বালিমাটি সরিয়ে নিতে। বাঁধের কাজে কোন অনিয়ম সহ্য করা হবেনা।
পাউবো’র এসও রিপন আলী জানান, বাঁধের কাজে বালি মাটি ব্যবহার করা যাবেনা। আমাদের লোক উপস্থিত থেকে বাঁধ থেকে বালিমাটি সরিয়ে ফেলা হচ্ছে।