২১ জানুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদক : সদ্য বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেয়া বরইকান্দি ইউপি চেয়ারম্যান হাবিব হোসেন সিলেট জেলা বিএনপির কেউ নয় বলে দাবি করেছে সংগঠনটির জেলা ইউনিট। পাশাপাশি সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও কুচাই ইউপি চেয়ারম্যান আবুল কালামকে সংগঠনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি প্রদান করা হয়েছে।
সোমবার জেলা বিএনপির দফতর সম্পাদক এডভোকেট মোঃ ফখরুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিবৃতিতে জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকা এবং দলের আদর্শ পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যান আবুল কালামকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সাথে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদানকারী বরইকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাবিব হোসেন সম্প্রতি আওয়ামী লীগের সভায় নিজেকে জেলা বিএনপির উপদেষ্ঠা পরিচয় দেয়ায় নিন্দা ও প্রতিবাদ জানান জেলা বিএনপি নেতৃবৃন্দ।
তারা জানান, হাবিব চেয়ারম্যান ১৫/২০ বছর আগে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘ দিন থেকে তিনি দলীয় কার্যক্রম থেকে নিষ্ক্রিয় ছিলেন। ইউনিয়ন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেও তাকে দলীয় কোন নেতৃত্ব স্থানীয় পদের দায়িত্ব দেয়া হয় নি। তাই দলীয় পদ নিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য আদর্শ ত্যাগকারী হাবিব চেয়ারম্যানের প্রতি আহ্বান জানানো হয়।