১৪ জানুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের আগে ও নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের দেখতে সিলেটে পৌঁছেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, মহাসচিব হাবিবুর রহমান বীরপ্রতীক, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান তারা। এর আগে তারা সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন।
ফ্রন্টের নেতারা সিলেট পৌঁছে প্রথমে মাজার জিয়ারত করেছেন। এর পর ভোটের দিন সংঘাতে নিহত সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলের বাড়িতে যাচ্ছেন। এছাড়াও নির্বাচনের আগে ও নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত নির্বাচনী এলাকা পরিদর্শন করবেন তারা।