৭ জানুয়ারি ২০১৯

ডেস্ক রিপোর্ট: আজ সোমবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনের দরবার হলে বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্যের নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন। এর মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে এবং বাকি ৪৬ জনের মধ্যে ২৪ জন মন্ত্রী ১৯ জন প্রতিমন্ত্রী ও তিন জন উপমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
ইতোমধ্যেই মন্ত্রিপরিষদ সদস্যদের নাম ও দফতর চূড়ান্ত করা হয়েছে। তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে নতুন গাড়ি। শপথ গ্রহণ অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। অনুষ্ঠানের সব ধরনের আয়োজন চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম রবিবার এ তথ্য নিশ্চিত করেন।
মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বৃহস্পতিবারই দিন-তারিখ ঠিক করা হয়। সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন, ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে এমপিদের শপথ গ্রহণ শেষে বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করেন এবং রাষ্ট্রপতির হাতে একাদশ জাতীয় সংসদে সংসদ নেতা হওয়ার আনুষ্ঠানিক পত্র তুলে দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। বৈঠককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও সরকার গঠনের আহ্বান জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রী পরিষদের সিলেটের পাঁচজন হলেন:
সিলেট-১: ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র মন্ত্রী।
সিলেট-৪: ইমরান আহমদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
হবিগঞ্জ-৪:মো. মাহবুব আলী, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
সুনামগঞ্জ-৪: এম এ মান্নান পরিকল্পনামন্ত্রণালয়।
মৌলভীবাজার-১: শাহাব উদ্দিন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের।
সোমবার নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য ইতোমধ্যে তালিকাভুক্ত ব্যক্তিরা টেলিফোনে ডাক পেয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম রবিবার বিকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের নাম ও তাদের দফতরের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেওয়ার পরের দিন মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং সকাল সাড়ে ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন।