১ নভেম্বর ২০২৩


মিছিল-পাল্টা মিছিল ও আতংকের নগরী ছিল সিলেট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : মিছিল-পাল্টা মিছিল উদ্বেগ ও আতংকের মধ্য দিয়ে সিলেটে অবরোধের দ্বিতীয় দিন অতিবাহিত। কোথাও বড়ধরণের অঘটনের কোনো খবর পাওয়া যায়নি। অবরোধ চলাকালে সিলেট নগরের অধিকাংশ মার্কেট ও বিপণীবিতান ছিল বন্ধ। কলাপসিবল গেইট লাগিয়ে ব্যাংক বীমার কার্যক্রম পরিচালিত হয়। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল নগন্য। দূরদুরান্ত থেকে কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত হতে পারেননি। স্কুল কলেজ মাদ্রাসা খোলা থাকলেও ক্লাস ও পরীক্ষা নেওয়া হয়নি। সিলেট থেকে দূরপাল্লার কোনে বাস ও ট্রাক ছেড়ে যায়নি এবং সিলেটে এসেও পৌঁছায়নি। তবে  শিডিউলমত রেল চলাচল করে। নগরের বাইরে বিভিন্ন স্থানে খণ্ডকালীন পিকেটিং করে বিএনপি ও জামায়াত কর্মীরা।

অবরোধ সর্মথনে সিলেট নগরের বিভিন্ন রাস্তা ও পয়েন্টে বিএনপি ও ছাত্রদল ঝটিকা মিছিল করে । ছাত্রলীগও পাল্টা মিছিল করে।পুরোনগরজুড়ে দিনভর চলতে থাকে মিছিল পাল্টা মিছিল।বিরাজমান ছিল সর্বত্র আতংক।

পুলিশ ছিল সম্পূর্ণ সতর্কাবস্থায়। ফলে নগরের কোথাও দীর্ঘ পিকেটিং করতে পারেনি বিএনপি- ছাত্রদল । পাশপাশি ছাত্রদল ছাত্রলীগকে মুখোমেখি হতে দেওয়া হয়নি।

সকালে সিলেট সুনামগঞ্জ রোডের আম্বরখানা, সুবিদবাজার ও তেমুখীতে খণ্ডকালীন মিছিল-সমাবেশ করে বিএনপি। পরবর্তীতে পাল্টা মিছিল করে ছাত্রলীগ। একই সময়ে নগরীর প্রাণ কেন্দ্র বন্দরবাজার পত্রিকা পয়েন্টে জড়ো হয়ে বিএনপি- ছাত্রদল মিছিল ও সমাবেশ করে। এ সময় পুলিশ ও ছাত্রলীগের সাথে মৃদু সংঘর্ষ হয়। তবে কেউ হতাহত হয়নি।

নগরে ভারী যান চলাচল বন্ধ থাকলেও রিকশা, অটোরিকশা কিছুটা চলাচল করে। আতংকগ্রস্থ হয়ে অনেক অটোরিকশাচালক গাড়ি নিয়ে বের হয়নি।

সব মিলিয়ে সিলেটে অবরোধের দ্বিতীয় দিন কঠোর ও শান্তিপূর্ণভাবে কেটেছে।

 

শেয়ার করুন