৫ জানুয়ারি ২০১৯


জাফলংয়ে পাথর শ্রমিকদের হাহাকার

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : দেশের অন্যতম বৃহৎ পাথর কোয়ারি সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং। দেশের নির্মাণকাজের সিংহভাগ পাথরের চাহিদা জাফলং পাথর কোয়ারি মিটিয়ে থাকে। জাফলং শুধু পাথর কোয়রিই নয়, পাথরকে কেন্দ্র করে এ স্থানটি পর্যটন কেন্দ্র হিসেবে নিজেকে আলাদাভাবে পরিচিত করেছে।

সরকার জাফলং এলাকাকে ইকোলোজিক্যাল ক্রিটিকেল এরিয়া (ইসিএ) হিসেবে ঘোষণা করেছে। ফলে জাফলং পাথর কোয়ারি থেকে যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলনে সরকারিভাবে নিষেধাজ্ঞা রয়েছে। অপরদিকে জাফলং পাথর কোয়ারির উপর নির্ভরশীল গোয়াইনঘাট, জৈন্তাপুর উপজেলাসহ দেশের বিভিন্ন জেলার লক্ষাধিক শ্রমিক।

মূলত গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার শ্রমিক বা দিনমজুরদের পাথর কোয়ারি ছাড়া অন্য কোন কর্মসংস্তানের ব্যবস্থা নেই। এই তিন উপজেলার সাধারণ শ্রমিক কার্তিক মাস থেকে কোয়ারিতে কাজ শুরুকরেন; ফাল্গুন মাস পর্যন্ত কাজ করেন সেখানে। কিন্তু জাফলং এলাকাকে ইকোলোজিক্যাল ক্রিটিকেল এরিয়া (ইসিএ) ঘোষণার পর এখানে ম্যানুয়াল পদ্ধতিতেও পাথর উত্তোলনে স্থানীয় প্রশাসন বাধা দিচ্ছে বলে শ্রমিকদের অভিযোগ।

দীর্ঘদিন ধরে কোয়ারি থেকে পাথর উত্তোলন করতে না পেরে পাথর শ্রমিক পরিবারে হাহাকার দেখা দিয়েছে। অনাহারে অর্ধাহারে কাটছে পাথর শ্রমিকদের দিনযাপন। তাছাড়া কোয়ারির পাথরের উপর নির্ভর কয়েক শতাধিক ক্রাশার মিলও বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে। অন্যদিকে পাথর কোয়ারি বন্ধের প্রভাব পড়েছে তিন উপজেলার ব্যবসা প্রতিষ্ঠানে। সনাতন (ম্যানুয়াল) পদ্ধতিতে পাথর উত্তোলনে প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন পাথর শ্রমিক, পাথর ব্যবসায়ী ও পাথরের সাথে সম্পৃক্তরা।

শেয়ার করুন