৩ জানুয়ারি ২০১৯


রাজনৈতিক মামলায় ‘পলাতক’ ৫ কাউন্সিলর, দূর্ভোগে ওয়ার্ডবাসী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এসএমপির বিভিন্ন থানায় দায়ের করা ‘গায়েবী’ মামলায় এজহারভুক্ত আসামী হয়ে পলাতক জীবনযাপন করছেন সিলেট সিটি কর্পোরেশনের ৫জন কাউন্সিলর। মামলার আসামী হওয়ায় তারা নিয়মিত অফিস করছেন না, এমনকি তাদের ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। ফলে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট ওয়ার্ডবাসী। স্থানীয় জনগন কাউন্সিলর কার্যালয় থেকে তাদের প্রাপ্ত সেবা পাচ্ছেন না। বঞ্চিত হচ্ছেন বিভিন্ন উন্নয়ন কাজ থেকে।

পলাতক কাউন্সিলররা হলেন- ১ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম,
১৮ নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল ও ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম। তারা সবাই বিএনপি সমর্থক।

এই ৫ ওয়ার্ডের বাসিন্ধারা জানান, নির্বাচনের কিছু দিন আগ থেকে নিজেদের বিভিন্ন প্রয়োজনে ঘন্টার পর ঘন্টার কাউন্সিলর অফিসে বসেও দেখা পাচ্ছেন না এসব জনপ্রতিনিধিদের। অনেক সময় তাদের ফোনও বন্ধ পাচ্ছেন। ফলে নাগরীক সেবা নিয়ে বিপাকে পড়েছেন নগরবাসী।

৬ নং ওয়ার্ডের ইলাশকান্দি এলাকার এক বাসিন্ধা জানান, নাগরিক সনদের জন্য গত ১ সপ্তাহ থেকে কাউন্সিলর অফিসে গিয়েও সনদ পান নি তিনি। অফিস থেকে বলা হয়েছে কাউন্সিরের উপর মামলা থাকায় তিনি অফিসে আসছেন না। জামিন পেলেই অফিসে আসবেন।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কাউন্সিলরদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

সার্বিক বিষয়ে জানতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর মোবাইল ফোনে বার বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

শেয়ার করুন