২৯ ডিসেম্বর ২০১৮


সিলেটে চার স্তরের নিরাপত্তা

শেয়ার করুন

কাউসার চৌধুরী (অতিথি প্রতিবেদক) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে সিলেট বিভাগের সর্বত্র ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইন শৃংখলা বাহিনী। এজন্যে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের ৬৫ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে বিশেষ নিরাপত্তার পাশাপাশি প্রত্যেক কেন্দ্রে থাকবেন পুলিশের সাদা পোষাকের একজন সদস্য। সেনা, বিজিবি ও র‌্যাব সদস্যরা থাকবেন স্ট্রাইকিং ফোর্স হিসেবে। আইন শৃংখলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা সিলেটের ডাককে এই তথ্য জানিয়েছেন। তারা জানান, ভোটার ও ভোট কেন্দ্রের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে।

আইন শৃংখলা বাহিনী সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেয়া হয়েছে ৪ স্তরের নিরাপত্তা বলয়। সিলেট বিভাগের ১৯ সংসদীয় আসনের ২ হাজার ৮০৫ টি ভোট কেন্দ্রে থাকবেন আইন শৃংখলা বাহিনীর ৪৯ হাজার ৩০৬ জন সদস্য। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ১ হাজার ৬২১ কেন্দ্রে ২৯ হাজার ১৭৮ জন ও সাধারণ ১ হাজার ১৮৪ ভোট কেন্দ্রে থাকবেন ২০ হাজার ১২৮ জন সদস্য।

এছাড়া প্রত্যেক ভোট কেন্দ্রে সাদা পোষাকের একজন সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। মোবাইল টিমের সদস্য হিসেবে পুলিশের ৪ হাজার ৮৩০ জন ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন পুলিশের ৫ হাজার ৬১০ জন সদস্য। সব মিলিয়ে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের ৬২ হাজার ৫৫১ জন সদস্য মাঠে নিয়োজিত থাকবেন।

এছাড়াও প্রতি আসনে ১ প্লাটুন সেনা সদস্য হিসেবে ১৯ আসনে ১৯ প্লাটুন সেনা সদস্য, প্রতি আসনে ২ প্লাটুন সদস্য হিসেবে ৩৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। র‌্যাবের রয়েছেন ৫ শতাধিক এরও বেশি সদস্য।

সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্সের সদস্য হিসেবে মাঠে নিয়োজিত রয়েছেন। সব মিলিয়ে আইন শৃংখলা বাহিনীর ৬৫ হাজারেরও বেশি সদস্য মাঠে রয়েছেন। শনিবার সকাল থেকেই তারা মাঠে নেমেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট মহানগর পুলিশ (এসএমপি) এলাকায় ২৯৩ টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে সিলেট-১ আসনে ২১৫ কেন্দ্র ও সিলেট-৩ আসনের ৭৮ ভোট কেন্দ্র। এসএমপির ২৯৩ কেন্দ্রের মধ্যে ২০২ টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশের ২ জন, ব্যাটালিয়ন আনসারের ২ জন, সাধারণ আনসার ৮ জন ও গ্রাম পুলিশের ৬ জনসহ মোট ১৮ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

সাধারণ ভোট কেন্দ্রে থাকবেন পুলিশের ১ জন, ব্যাটালিয়ন আনসার ২ জন,সাধারণ আনসার ৮ জন ও গ্রাম পুলিশের ৬ জনসহ ১৭ জন সদস্য।

সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট সদর উপজেলার প্রত্যেক ওয়ার্ডে একটি মোবাইল টিম, প্রতি ৫ ওয়ার্ডে একটি করে স্ট্রাইকিং ফোর্স থাকবে। এছাড়াও একজন পরিদর্শকের নেতৃত্বে থাকবেন ২০ জনের রিজার্ভ টিম।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্যে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভোট কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তায় আইন শৃংখলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেটের ১৯ সংসদীয় আসনের মধ্যে ১৮ আসনের ২ হাজার ৫১২ ভোট কেন্দ্র রয়েছে সিলেট রেঞ্জ পুলিশের আওতায়। এর মধ্যে ১ হাজার ৪১৯ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও ১ হাজার ৯৩ টি কেন্দ্র সাধারণ ভোট কেন্দ্র। রেঞ্জ পুলিশের আওতাভুক্ত ভোট কেন্দ্রের মধ্যে প্রত্যেক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশের ২ জন, ব্যাটালিয়ন আনসার ২ জন, সাধারণ আনসার ৮ জন ও গ্রাম পুলিশের ৬ জন সদস্যসহ মোট ১৮ জন দায়িত্ব পালন করবেন। সাধারণ ভোট কেন্দ্রে পুলিশের ১ জন, ব্যাটালিয়ন আনসার সদস্য ২ জন, সাধারণ আনসার ৮ জন ও গ্রাম পুলিশের ৬ জনসহ মোট ১৭ জন থাকবেন।

প্রত্যেক কেন্দ্রে সাদা পোষাকের একজন পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। জেলা ও উপজেলা সদরে ৩ এবং প্রতি ইউনিয়নে ২ টি করে থাকবে মোবাইল টিম। একজন এসআইর নেতৃত্বে প্রতি মোবাইল টিমে থাকবেন ৬ জন সদস্য। প্রতি ১০ ভোট কেন্দ্রের জন্যে থাকবে একটি স্ট্রাইকিং ফোর্স। একজন পরিদর্শকের নেতৃত্বে প্রত্যেক স্ট্রাইকিং ফোর্সে থাকবেন পুলিশের ২০ জন সদস্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনী মাঠে আর্মড পুলিশের ৯০ জন সদস্য থাকবেন। এর মধ্যে সিলেট জেলায় ৩০ জন ও বাকী ৩ জেলায় ২০ জন করে মোট ৬০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। একইভাবে রয়েছেন ৯০ জন ব্যাটালিয়ন আনসার। এর মধ্যে সিলেট জেলায় ৩০ জন ও বাকী ৩ জেলায় ২০ জন করে মোট ৬০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মাঠে থাকবেন। এ সকল সদস্যরা থাকবেন স্ট্রাইকিং ফোর্সের সদস্য হিসেবে।

সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার নুরুল ইসলাম বলেন, সিলেট রেঞ্জের সকল ভোট কেন্দ্রে ও ভোটারদের জন্যে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সাধারণ কেন্দ্রে ১৭ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ জন সদস্য থাকবেন। এছাড়াও মোবাইল টিম স্ট্রাইকিং ফোর্সও রয়েছে।

তিনি জানান, আমরা কঠোরভাবে নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করছি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণই আমাদের লক্ষ্য।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এবার সিলেট বিভাগের ৪ জেলার ১৯টি সংসদীয় আসনে মোট ভোটার ৬৬ লাখ ২০ হাজার ৬০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৩ লাখ ৩৬ হাজার ৪০৫ জন ও ৩২ লাখ ৮৪ হাজার ২০১ জন হলেন মহিলা ভোটার। ২ হাজার ৮০৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩ হাজার ৫৯৬ টি ভোট কক্ষ রয়েছে। ১৯ সংসদীয় আসনে আওয়ামীলীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার করুন