৮ ফেব্রুয়ারি ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নির্মাণাধীন ব্রিজে ব্যবহৃত উপকরণের গুণগত মান যাচাই করার সময় নিচে পড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারি প্রকৌশলী খালেদ হোসেনের পা ভেঙে গেছে। বর্তমানে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলজিইডি হবিগঞ্জের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চুনারুঘাট উপজেলার কামাড়পাড়া এলাকায় ৩৯ মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণ করছে এলজিইডি। সোমবার বিকেলে উপ-সহকারি প্রকৌশলী খালেদ হোসেন নির্মাণ কাজ পর্যবেক্ষণ করতে যান। এ সময় ব্রিজের পাশে লাগানো রড দেখতে গেলে তিনি পা পিছলে নিচে পড়ে যান। এতে তার ডান পায়ের হাটুর নিচে ভেঙে যায়।
প্রকৌশলী শফিকুল ইসলাম আরও জানান, আহত প্রকৌশলীর পাশে তাদের কর্মকর্তারা রয়েছেন। দুর্ঘটনার সময় আরও একজন আঘাত পেলে স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।