২৭ ডিসেম্বর ২০১৮

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত গণফোরামের প্রার্থী ড. রেজা কিবরিয়ার বাড়িতে পুলিশি তল্লাশীকে কেন্দ্র করে ঘটেছে তুলকালাম কাণ্ড। উত্তেজিত গ্রামবাসীর প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে পুলিশ। পরবর্তীতে রেজা কিবরিয়ার গাড়িবহর থেকে আটক হন ৩২ নেতাকর্মী। আটককৃতদের মধ্যে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ জনকে দেয়া হয়েছে ১ মাস করে কারাদন্ড। এদিকে, তাৎক্ষনিক সংবাদ সম্মেলন করে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ড. রেজা।
স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলার জালালসাপস্থ ড.রেজার বাড়িতে তল্লাশী চালাতে অবস্থান নেয় পুলিশ। এসময় গ্রামের মসজিদের মাইকে প্রচার করা হয়, ‘পুলিশ ও অপরিচিত লোকজন ড. রেজার বাড়িতে আক্রমন চালাচ্ছে।’ এ খবর পেয়ে শত-শত গ্রামবাসী লাঠিসোটা নিয়ে ড. রেজার বাড়ির দিকে ছুটে আসলে পিছু হটে গোপলারবাজার ফাঁড়িতে অবস্থান নেয় পুলিশ। সূত্র জানায়, ওইসময় ড. রেজা বাড়িতে ছিলেন না। তিনি তখন নবীগঞ্জে গণসংযোগে ব্যস্ত। এ ঘটনায় পুরো গ্রামজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই শামছুল ইসলাম বলেন, ‘ড. রেজা কিবরিয়ার বাড়িতে নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেন্টভুক্ত আসামি মুজিবুর রহমান সেফু অবস্থান করছেন এমন খবরে পুলিশ অভিযান চালায়। তখন মসজিদের মাইকে অপপ্রচারের মাধ্যমে গ্রামবাসীকে বিভ্রান্ত করে পুলিশের কাজে বাঁধা দেয়া হয়। আসামি না পেয়ে আমরা চলে আসি।’ ড. রেজা কিবরিয়ার একান্ত সহকারী সোহরাব হোসেন মাহদি ও শাহাবুদ্দিন শুভ বলেন, আমরা বাড়িতে অবস্থান করছিলাম। এসময় হঠাৎ একদল পুলিশ এসে বাড়িতে তল্লাশি চালায়। পুলিশ আসামি ধরার নাম করে বিভিন্ন কক্ষে গিয়ে আমাদের মালামাল তছনছ করতে থাকে। একপর্যায়ে গ্রামবাসী মসজিদের মাইকে মাইকিং করলে চলে যায় পুলিশ।