২৬ ডিসেম্বর ২০১৮

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেট-৬ আসনের গোলাপগঞ্জে পুলিশি বাধায় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর সভা পণ্ড হয়েছে। এসময় সভাস্থল থেকে দলের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, এই আসনের অন্তর্গত গোলাপগঞ্জ চৌমুহনীতে ধানের শীষ প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর পূর্বনির্ধারিত পথসভা ছিল। এ লক্ষ্যে নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে এসে ঢাকা দক্ষিণ রোডে নূর ম্যানশনের সামনে জড়ো হতে থাকেন।
বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিয়ে পথসভায় আসতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে পথসভা পণ্ড করে দেয়।
এসময় চৌমুহনী ও আশপাশের এলাকা থেকে পুলিশ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৮ জন নেতাকর্মীকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী।
এ ঘটনার পর সন্ধ্যা থেকে গোলাপগঞ্জ চৌমুহনী এলাকায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ টহল জোরদার করেছে বলেও জানা যায়।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ফয়সল চৌধুরীর সভা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর হামলার ঘটনা ঘটে।