২৬ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক : নগরীর মজুমদারী আবাসিক এলাকায় গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এঘটনায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি। তবে তাৎক্ষনিক তার নাম পাওয়া যায়নি।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মজুমদারী এলাকার প্রধান সড়কের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বিকট শব্দে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটলে রাস্তার পাশে ড্রেনের উপরের স্লাব উড়ে যায়। এছাড়া আগুন না ধরলেও রাস্তা প্রায় ১০০ গজে ফাটল ধরে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সষ্টি হয়।
খবর পেয়ে স্থানীয় ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ও জালালাবাদ গ্যাসের উত্তর অঞ্চলের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রি্বিউশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পাইপ লাইন শাখার জেনারেল ম্যানেজার (জিএম) আব্দুল মুমিন বলেন, গ্যাসের পাইপ লাইনে ছিদ্র থাকার কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জরুরী মেরামতের জন্য এক্সপার্ট টিম ডেকে পাঠানো হয়েছে। আপাতত ঘটনাস্থল ও আশপাশ এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। এ কাজে কতটুকু সময় লাগবে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।