২৬ ডিসেম্বর ২০১৮

ডেস্ক রিপোর্ট : সিলেট-৬ আসনে মহাজোট মনোনীত প্রার্থী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি মঙ্গলবারে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নোয়াই গ্রামে গণসংযোগ ও নৌকা মার্কার সমর্থনে পথসভায় বলেছেন, আমি নিজের জন্য কিছু করিনি, বিগত ১০ বছর দেশ জাতি, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছি। সিলেট-৬ আসনের যেদিকে তাকাবেন শুধু উন্নয়ন আর উন্নয়ন চোখে পড়বে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই এতো উন্নয়ন করা সম্ভব হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর আপনারা নৌকায় ভোট দিন, আগামী ৫ বছর সুখে শান্তিতে নিরাপদে বসবাস করতে পারবেন।
লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় শিক্ষামন্ত্রী বিগত আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, বাংলাদেশে বর্তমানে সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, শতভাগ বিদ্যুতায়ন, ইন্টারনেট সুবিধাসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। এ ছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতাবৃদ্ধিসহ হতদরিদ্রদের বিশেষ প্রকল্প বাস্তবায়ন করেছে আওয়ামীলীগ সরকার।
এসময় গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিনসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া শিক্ষামন্ত্রী কমলগঞ্জ, ফুলসাইন্দ, করগাঁও সহ বেশ কিছু এলাকায় দিনভর গণসংযোগ ও পথসভা করেন।