৭ ডিসেম্বর ২০২০


নবীগঞ্জে বাস ও সিএনজির মুখোমুখি সংর্ঘষ: নিহতের সংখ্যা বেড়ে ৮

শেয়ার করুন

ফাহাদ আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও বিআরটিসি পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩জনসহ আটজন নিহতের ঘটনা ঘটেছে। সোমবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজারস্থ শাহ মুশকিল আহসান (র.) মাজার নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়- কুমিল্লা থেকে সিলেটগামী বিআরটিসি পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো: ব-১১-৫৫১৮) গোপলার বাজার হইতে পানিউমদাগামী একটি সিএনজি (মৌলভীবাজার থ: ১১-৮৩৬৫) সহ অজ্ঞাত আরও দুটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর সিএনজি গাড়ি দুটিসহ পার্শ্ববর্তী গভীর খাদে গিয়ে পরে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা অভিযান শুরু করেন। এতে ৮জনের লাশ উদ্ধার করে প্রশাসন।

নিহতরা হলেন- উপজেলার সাতাইহাল মাঝপাড়া গ্রামের সুরত আলীর ছেলে লিটন মিয়া (১৯), একই গ্রামের নুর ইসলামের ছেলে অন্তর মিয়া (১৮), লতিবপুর গ্রামের মৃত. আফতাব আলীর ছেলে কিতাব আলী (৩৬), মুড়াউড়া গ্রামের মোঃ আবু তাহের এর স্ত্রী মোছাঃ ছমিরুন বেগম (২৭), তাহার মেয়ে মারিয়া বেগম (৩), ও তাহার ভাই মোঃ আবু সামা এর স্ত্রী হালিমা বেগম (১৮), নোয়াগাঁও গ্রামের আব্দুল আহাদ এর মেয়ে লিজা বেগম (১৮) সহ অজ্ঞাত একজন পুরুষের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এব্যাপারে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন নারী ও একজন শিশুসহ চারজন পুরুষ রয়েছেন। তবে একজন পুরুষের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নাম পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

শেয়ার করুন