২৪ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক : বিএনপির নিখোঁজ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে নিয়ে বিরুপ মন্তব্য করার জন্যই বিএনপি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত সমর্থন দেয়নি জোটের অন্যতম শরিক দল খেলাফত মজলিশের প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলীকে। এই আসনে মুসতাসিরের বিকল্প হিসেবে সমর্থন দেয়া হয়েছে গণফোরামের প্রার্থী মুকাব্বির খানকে।
বিএনপির দলীয় সূত্রে জানা যায়, ২০ দলীয় জোটের অন্যতম শরিক খেলাফত মজলিসের প্রার্থী মুনতাসির আলী নির্বাচনের আগ থেকেই ইলিয়াসপত্নীকে নিয়ে বিরুপ মন্তব্য করা শুরু করেন। এমনকি জোটের সিদ্ধান্তের পরও নির্বাচনী মাঠে প্রচারনায় সক্রিয় ছিলেন। অপর দিকে গণফোরাম প্রার্থী ঐক্যফ্রন্টের সিদ্ধান্তের পর ইলিয়াসপত্নীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। যে কারনে ২০ দল ও ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত তাকেই বেছে নিয়েছে।
বিএনপি নেতারা বলছেন- তফসিল ঘোষনার আগেই খেলাফত মজলিস প্রার্থী ‘স্বামীর আসনে কারো জমিদারী নয়’ বলে ইলিয়াসপত্নীকে নিয়ে কটাক্ষ করেন। আর নির্বাচনী প্রচারনায় একটি সভায় ‘বিশ্বসন্ত্রাসী’ বলে ইলিয়াস আলীকে ইঙ্গিত করেন। তার এসব কথাই মুলত সমর্থন দেয়ার বিষয়ে মুল বিবেচনা করা হয়।
এছাড়াও, গত কয়েক দিন থেকে ইলিয়াসপত্নীর মনোনয়ন স্থগিত হওয়ার পেছনে মুনতাসিরের ইন্দন রয়েছে বলেও লোকমুখে প্রচার রয়েছে। যদিও মুনতাসির আলী ইতিমধ্যে বিবৃতি দিয়ে বিষয়টি অস্বীকার করেছেন। তার পরও বিএনপির নেতাকর্মীরা চরম ক্ষুব্দ রয়েছেন।
তবে বিষয়টি নিয়ে কথা বলতে খেলাফত মজলিস প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলীর সাথে যোগাযোগ করা হলেও কোন মন্তব্য পাওয়া যায়নি।