১৮ ডিসেম্বর ২০১৮

ডেস্ক রিপোর্ট : সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ‘নিখোঁজ’ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না।
মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ‘নো অর্ডার’ আদেশ দেন।
প্রসঙ্গত, এ আসনে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী ইয়াহহিয়া চৌধুরী এহিয়ার একটি রীটের পরিপ্রেক্ষিতে গত ১৩ ডিসেম্বর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ তার মনোনয়নপত্রের ওপর স্থগিতাদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে আপিলে আবেদন করেন লুনা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বলেন, আদালত তার (লুনা) মনোনয়ন তিনমাসের জন্য স্থগিত করেছেন। ফলে তিনি আর নির্বাচন করতে পারছেন না।
আবেদনে বলা হয়, চলতি বছরের ১ আগস্ট চাকরি থেকে পদত্যাগ করেন লুনা। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২(চ) অনুযায়ী প্রজাতন্ত্র বা কোন সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বা প্রতিরক্ষা পরিষেবা থেকে পদত্যাগ বা অবসরের পর কমপক্ষে তিন বছর অতিক্রান্ত হতে হবে।