১৩ ডিসেম্বর ২০১৮

মাসুদ রনি : সিলেট অনলাইন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সিলেট ১ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার বিকালে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এসময় তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন,দেশের মানুষ রক্ষার নির্বাচন। এই নির্বাচনে জনগণের স্বতস্ফুর্ত অংশগ্রহণ এবং ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করবে।
এসময় তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন একতরফাভাবে সরকারদলীয় প্রার্থীকে বিভিন্নভাবে অবৈধ সহযোগিতা করছেন। অপরদিকে লেভেল প্লেয়িং ফিল্ডের নামে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কালার পোস্টার শোভা পাচ্ছে। তিনি প্রতিনিয়ত নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন এতে নির্বাচন কমিশন কোনো ভূমিকা নিচ্ছে না।তিনি আরো বলেন, পুলিশ প্রতিনিয়তই বিরোধী মতের লোকদের বাসা-বাড়ীতে হানা দিচ্ছে এবং তাদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। তিনি গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের নি:শর্ত মুক্তি দাবী করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সহ-সভাপতি এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম বাচ্চু, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক রেজাউল করিম আলো, জেলা বিএনপির সদস্য চৌধুরী মোহাম্মদ সুহেল প্রমুখ।