৯ ডিসেম্বর ২০১৮


সিলেট-৫ ও ৬ আসনে জামায়াত ‘আউট’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দুটি আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন জামায়াতের দুই নেতা। সিলেট-৫ আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক সাংসদ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে। আর সিলেট-৬ আসনে মনোনীত হয়েছিলেন সিলেট জামায়াতের জেলা দক্ষিণের আমির মাওলানা হাবিবুর রহমান।

কিন্তু মনোনয়ন দেবার পর থেকেই নানা মহলে সমালোচিত হয় বিএনপি। খোদ দলের ভেতর থেকেই ওঠে জামায়াত হটাও রব। দুটি সংসদীয় আসনের তৃণমূল কর্মীরা সাফ জানিয়ে দেন জামায়াত নয় দলীয় প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। দুই জামায়াত নেতার একাত্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। এ নিয়ে স্পষ্টত বিভক্ত হয়ে পড়েন সিলেট জেলা ও সংশ্লিষ্ট আসন দুটির উপজেলা বিএনপি। শেষতক বিএনপি হাইকমান্ড তৃণমূলের সিদ্ধান্তকেই এক রকম মেনেই নিয়েছেন। এ দুটি আসনে জামায়াতের পরিবর্তে দেয়া হয়েছে বিকল্প প্রার্থী।

সিলেট-৫ আসনটি জামায়াতের প্রার্থীকে দেয়া হচ্ছে; এমন খবর অনেকটা নিশ্চিতই ছিলো। কিন্তু প্রার্থীতা প্রত্যাহারের একদিন আগেই বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে জমিয়তে উলামার কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে। এই আসনে বিএনপির অপর মনোনয়নপ্রাপ্ত মামুনুর রশিদ মামুন শুরু থেকেই জামায়াতের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তাঁর একটাই বক্তব্য ছিলো এই আসনে জামায়াত নয়। মনোনয়ন চূড়ান্তের খবরে সহজাত ভঙ্গিতেই মেনে নিয়েছেন।

তিনি বলেন, ‘আমার নিজের মনোনয়ন না পাওয়ায় কোন ক্ষোভ নেই। আমি আগেও বলেছি দল যাকে মনোনয়ন দেবেন আমি মেনে নেব।’

অপরদিকে, সিলেট-৬ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সল আহমদ চৌধুরী। এ আসনের দুই উপজেলার ১১ জনপ্রতিনিধি সংবাদ সম্মেলন করে আগেই জানিয়ে দিয়েছিলেন জামায়াতকে তারা মেনে নেবেন না। শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্তই মেনে নিতে হলো দলের শীর্ষ নেতৃত্বকে।

এই দুই আসনে চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করায় কার্যত সিলেটের কোন আসনেই জামায়াতের কোন প্রার্থী থাকলো না। এতে জামায়াতের আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

শেয়ার করুন