৭ ডিসেম্বর ২০১৮


মৌলভীবাজার ১ : নির্বাচন করছেন না ‘অসুৃস্থ’ এবাদুর রহমান

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী। মনোনয়নপত্র জমাও দিয়েছিলেন তিনি। ২ ডিসেম্বর যাছাইবাছাইকালে তা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৪ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করেন এবাদুর। আজকালের মধ্যে এই আপিলের রায় হওয়ার কথা।

অথচ শুক্রবার ভোররাতে ফেসবুকে এসে এবাদুর রহমান জানিয়েছেন, তিনি এবার প্রার্থী হবেন না। শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন করা সম্ভব হবে না বলেও দাবি করেছেন তিনি। প্রার্থী না হওয়ার কথা জানিয়ে দলীয় মনোনয়ন না দেওয়ার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও চিঠি দেন তিনি। ফেসবুক স্ট্যাটাসে ওই চিঠিও যুক্ত করেন এবাদুর রহমান।

ফেসবুকে দেওয়া পোস্টে এবাদুর রহমান লিখেন-

আমি অসুস্থ। জরুরি ভিত্তিতে চো‌খের অপারেশন করা‌নো প্র‌য়োজন। এমন পরিস্থিতিতে আমি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি আজ।

প্রিয় বড়লেখা-জুড়ীবাসী আপনারা আমাকে ক্ষমা করবেন। কোন পরিস্থিতিতে আমাকে এ সিদ্ধান্ত নি‌তে হ‌য়ে‌ছে আশাকরি, তা আপনাদের জানবার বাইরে নয়।

এই স্ট্যাটাসের সাথে যুক্ত করা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পাঠানো চিঠিতে এবাদুর রহমান লিখেন- ‌’আকস্মিকভাবে আমার শরীর খারাপ হওয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বিধায় আমাকে দল থেকে মনোনয়ন না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর রোববার মৌলভীবাজার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তোফায়েল ইসলাম যাচাই-বাছাই শেষে হলফনামায় আয়কর রির্টান কপির অনুলিপি জমা না দেওয়ায় কারণে বিএনপির প্রার্থী এবাদুর রহমান চৌধুরী মনোনয়নপত্র বাতিল করেন।

এরআগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক চিঠিতে মৌলভীবাজার-১ আসনের জন্যে এবাদুর রহমান চৌধুরী ও জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠুকে দলের মনোনয়নের প্রত্যয়নপত্র দিয়েছিলেন।

এবাদুর রহমান চৌধুরী জাতীয় পার্টি থেকে একবার এবং বিএনপি থেকে তিনবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তিনি চারদলীয় জোট সরকারের আমলে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী এবাদুর রহমান চৌধুরী আওয়ামী লীগ প্রার্থী মো. শাহাব উদ্দিনের পরাজিত হন।

শেয়ার করুন