৪ ডিসেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : নগরীর আম্বরখানা এলাকায় প্রকাশ্য দিবালোকে হুমায়ন কবীর নামে এক ব্যবসায়ী কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার বিকেলে আম্বরখানা পয়েন্ট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার নগরের চৌখিদেখি এলাকার বাসিন্দা হুমায়ন কবীর জানান, আম্বরখানা এলাকায় একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে দরগাহ গেট যাওয়ার পথে তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার গতিরোধ করে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেয়।
তার চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলেও ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া জানান, ঘটনাটি শুনেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।