৩ জুলাই ২০২৩


নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

শেয়ার করুন

জনি শর্মা : ঈদের দিন থেকে সিলেটে অব্যাহত টানা বৃষ্টিপাতে মহানগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে নগরের বিভিন্ন সড়ক থেকে অলিগলি সবই তলিয়ে যায়। পানি প্রবেশ করে বাসা-বাড়ি ও দোকানপাটেও। অনেক সড়কে কোমর পর্যন্ত পানি দেখা যায়। এতে করে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্যমতে, আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। আর এভাবে ভারী বর্ষণ হলে নগরের অধিকাংশ এলাকা তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলে মনে করছেন নগরের বাসিন্দারা।

সরেজমিনে দেখা গেছে, জিন্দাবাজার-চৌহাট্টা সড়ক, মদিনা মার্কেট, পাঠানটুলা, উপশহর, বাগবাড়ি (এতিমস্কুল) রোড, কাজলশাহ, আখালিয়া, সুবিদবাজার, জালালাবাদ, হজরত শাহজালালের (র.) মাজার এলাকার পায়রা ও রাজারগল্লি, বারুদখানা, হাওয়াপাড়া, দাড়িয়াপাড়া, যতরপুর, ছড়ারপাড়, তালতলা এলাকা এবং ওসমানী মেডিকেল কলেজ ভবনের ভেতরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

মহানগরীর এতিম স্কুল রোডের বাসীন্দা দীপু মিয়া বলেন, আমাদের এ কষ্ট দেখের কি কেউ আছে? গত বছরও বন্যার পানিতে সারা সিলেটের মনুষ কষ্ট পেয়েছে। এবারও আমাদের বাসায় পানি চলে আসছে। গত কালের বৃষ্টিতেও আমাদের ঘরে পানি চলে আসছিলো এতে আমাদের অনেক কয়ক্ষতি হয়েছে। এগুলো দায় নেবে কে??

গোবিন্দ দাস বলেন, সিলেট সিটি কর্পোরেশন এর অপরিকল্পিত নগরায়ন আমাদের কষ্টের কারন। আমরা গরিব মানুষ। আমাদের বাসা-বাড়িতে পানি চলে আসলে আমরা কি করে চলবো। আমি গত বছরের ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারি নি। আবাও বাসায় পানি চলে আসছে আমরা কি ভাবে চলবো।

রফিক উদ্দীন বলেন, আমি সবসময় বলবো ড্রেনেজ ব্যবস্থা ও অপরিকল্পিত নগরায়নের ফল হচ্ছে এই জলাবদ্ধতা। নগরীর মানুষ এখন পানি বন্ধী। এই সময় যদি বন্যা আসে আসহায় মানুষের কষ্ট দেখবে কে?

এদিকে, নগরবাসী জলাবদ্ধতার জন্য সিটি করপোরেশনের উদাসীনতাকে দায়ী করে বলছেন, গত ২১ জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন। ফলে বর্তমান মেয়র, তার পরিষদ ও কর্মকর্তারা নগরের মানুষের সমস্যাগুলো আমলে নিচ্ছেন না। তারা অনেকটা উদাসীন। ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের অভাব এই জলাবদ্ধতার কারণ।

তবে সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, মুষলধারে বৃষ্টির কারণে ড্রেন দিয়ে পানি নামতে সময় লাগছে। কোথাও ময়লা-আবর্জনার জন্য পানি আটকে গেলে তা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। নগরের ড্রেন পরিষ্কার করতে সিটি করপোরেশনের টিম কাজ করছে।

শেয়ার করুন