৪ মে ২০২১


জৈন্তাপুর সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে মকবুল আলী (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মকবুল আলী উপজেলার কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের জামাল মিয়ার ছেলে।

মঙ্গলবার ভোরে উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা ক্যাম্পের আওতাধীন ১২৮০ মেইন পিলারের ১২৮৪ সাব পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, ভারতের সান্ডাই বস্তিতে ভারতীয় মোবাইলের একটি চালান বাংলাদেশে নিয়ে আসা এবং বাংলাদেশ থেকে মটরশুটির একটি চালান ভারতে পৌঁছে দিয়ে ফেরার পথে খাসিয়ার গুলিতে মকবুল আলী নিহত হন। এসময় সঙ্গীয় চোরাকারবারিরা মকবুল আলীর মরদেহ ভারতের অভ্যন্তর থেকে সীমান্তের জিরো লাইনে এনে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, সম্প্রতি জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতে মটরশুটি, সুপারি ও স্বর্ণের বারসহ বিভিন্ন প্লাস্টিক সামগ্রী পাচার হয়ে আসছে। বিপরিতে কসমেটিকস, ভারতীয় নিষিদ্ধ শেখ নাছির উদ্দিন বিড়ি, বিভিন্ন ব্যান্ডের সিগারেট, মদ ও ইয়াবা এবং গরু-মহিষ, মোটরসাইকেল, শাড়ি ও মোবাইল সামগ্রী বাংলাদেশের অভ্যন্তরে আসছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর বলেন, মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন