২৬ নভেম্বর ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল মিয়া (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোহেল মিয়া কমলগঞ্জ উপজেলার বনবিষ্ণুপুর গ্রামের মৃত আমজাদ মিয়ার ছেলে।
রোববার সন্ধ্যায় মুন্সীবাজার ইউনয়িনের বনবিষ্ণুপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. মোবারক হোসেন সরকার জানান, সোহেল মিয়া বাড়ির বাইরে ধানের খলায় (ধান শুকানোর স্থান) নতুন সংযোগ নিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন। ঘটনার পর তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুন্না সিনহা বলেন, রোববার রাত ৮টায় মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। এখন মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলেও তিনি জানান।