২৩ অক্টোবর ২০২২


সিলেটে উদ্বোধনের অপেক্ষায় আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত বাস টার্মিনাল

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে প্রায় ২ বছর সময় ধরে চলমান দৃষ্টিনন্দন স্থাপত্যের আধুনিক বাস টার্মিনালের কাজ প্রায় শেষ। ৬৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন এই বাস টার্মিনাল। সর্বাধুনিক এ টার্মিনালের উদ্বোধন হবে শিগগিরই। এ অপেক্ষায় আছেন সিলেটবাসী।

জানা যায়, ২০১৮ সালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে (এমজিএসপি) প্রকল্পের আওতায় সিসিকের উদ্যোগে ৬৩ কোটি টাকা ব্যয়ে টার্মিনালটির কাজ শুরু হয়। ২০২০ সালে কাজ শেষ হওয়ার কথা ছিল। পরে ২০২২ জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। কিন্তু করোনা ও বন্যার কারণে কাজ শেষ হতে দেরি হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

৬ তলা ভিত্তির উপর ৩ তলা কমপ্লেক্সটি বাস্তবায়ন করছে ডালি কনস্ট্রাকশন। সিলেটের ঐতিহ্যবাহী আসাম টাইপ বাড়ি আর আলী আমজদের ঘড়ির স্থাপনার সঙ্গে আধুনিক স্থাপত্যশৈলীর সমন্বয় ঘটিয়ে নির্মিত হয়েছে এই বাস টার্মিনাল। নগরের কদমতলী এলাকায় পুরনো বাস টার্মিনালের স্থানেই ৮ একর জায়গা জুড়ে এই টার্মিনাল।

সর্বাধুনিক এ টার্মিনালে রয়েছে একসঙ্গে ৪৮টি বাস রাখার ব্যবস্থা, যাত্রীদের জন্য প্রায় দেড় হাজার আসনের বিশাল ওয়েটিং লাউঞ্জ, ৩০ আসনের ভিআইপি কক্ষ, ৩০টি টিকিট কাউন্টার ও নামাজের জন্য আলাদা কক্ষ। পুরুষ নারী ও বিশেষ সুবিধাসম্পন্ন লোকদের ব্যবহার উপযোগী ৬টি টয়লেটও রয়েছে এখানে। প্রয়োজনে হুইল চেয়ার নিয়েও টয়লেট ব্যবহার করা যাবে। উপরে উঠার জন্য রয়েছে-লিফট। খাবারের জন্য রেস্টুরেন্ট ও ফুড কোর্ট। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া যাত্রীর জন্য আলাদা শয্যা ও ব্রেস্ট ফিডিং জোন।

এদিকে দ্বিতল এই টার্মিনালের আগমন ও বহির্গমন অংশ আলাদা করা হলেও করিডোরের মাধ্যমে পুরো স্থাপনাকে সংযুক্ত করা হয়েছে। থাকবে সিসিটিভি মনিটরিং কক্ষ, পুলিশ কক্ষ এবং পর্যটন অফিস।

সিসিক সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের প্রথম সিলেটেই নির্মিত দৃষ্টিনন্দন আধুনিক এই বাস টার্মিনালে পার্কিং এলাকা ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না, ইচ্ছামতো কাউন্টার বসানো যাবে না। এ টার্মিনাল আধ্যাত্মিক নগরী সিলেটের সৌন্দর্য, ঐতিহ্য আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে বলে করছেন সংশ্লিষ্ঠরা।

শেয়ার করুন