২৩ নভেম্বর ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের পাঁচটি আসনে বৃহস্পতিবার পর্যন্ত জেলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, মহিবুর রহমান মানিক, অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, অ্যাডভোকেট সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়া, কলিম উদ্দিন আহমদ মিলন, অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ প্রমুখ।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচন কমিশনের বিধিমালা মেনে ২০টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ করতে কোনও সমস্যা হচ্ছে না প্রার্থীদের। আগামী ২৮ তারিখ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে। অফিস সময় পর্যন্ত রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা।