২১ নভেম্বর ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ- ১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা ও মধ্যনগর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলের সভানেত্রী শেখ হাসিনার কাছে বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতনকে পরিবর্তন করে মাঠপর্যায়ের যে কাউকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে মনোনয়ন প্রত্যাশীরা জরুরি সভা করে ই-মেইল পাঠিয়ে সভানেত্রীর কাছে এমন দাবি জানান।
দলীয় সূত্র জানায়, সুনামগঞ্জ-১ আসনের ৯ মনোনয়ন প্রত্যাশী মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বৈঠকে মিলিত হন। এসময় তাঁরা সিদ্ধান্ত নেন বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে মনোনয়ন না দেওয়ার জন্য আলাদা আলাদাভাবে সকলেই দলীয় সভানেত্রীর কাছে লিখিত মেইল পাঠিয়ে অনুরোধ জানাবেন।
বৈঠকে এই আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ সৈয়দ রফিকুল হক সুহেল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাড. আব্দুল করিম, সাবেক যুগ্ম সচিব বিনয় ভূষণ তালুকদার, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পদ অ্যাড. শামীমা শাহরিয়ার, জেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ড. রফিকুল ইসলাম তালুকদার, জেলা আওয়ামী লীগ নেতা রফিকুল হাসান চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগ নেতা শক্তিপদ রায় উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে দলের সভানেত্রী শেখ হাসিনার কাছে বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতনকে পরিবর্তন করে মাঠপর্যায়ের যে কাউকে মনোনয়ন দেয়ার দাবি জানান তাঁরা। ৯ মনোনয়ন প্রত্যাশী ছাড়াও মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য অমল কর, জেলা আওয়ামী লীগের সদস্য নিজাম উদ্দিন ও শামীম আখঞ্জী।
মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমরা আমাদের নিজ নিজ মেইল থেকে চিঠি পাঠিয়েছি। আমরা উল্লেখ করেছি সুনামগঞ্জ-১ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে হলে বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে পরিবর্তন করে অন্য জনপ্রিয় কাউকে মনোনয়ন দিতে হবে। তাঁকে (মোয়াজ্জেম হোসেন রতন) মনোনয়ন দিলে কোনভাবেই বিজয় অর্জন করা সম্ভব নয়।’
এ ব্যাপারে কথা বলতে বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।